বিনোদন

নানা টানাপোড়েনেও গোবিন্দের সঙ্গ ছাড়তে চান না সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। বিচ্ছেদের গুঞ্জন, বিশ্বাসভঙ্গের অভিযোগ আর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও সংসার টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সুনীতা। প্রায় চার দশকের দাম্পত্য জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে আবারও সুখের দিন ফেরার আশায় রয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সুনীতা। পরিবার আবারও এক ছাদের নিচে সুখে-শান্তিতে ফিরতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সেই সম্ভাবনা এখনো রয়েছে। সময় হয়তো অনুকূলে নেই, তবে দীর্ঘদিনের সম্পর্ক এত সহজে শেষ হয়ে যাওয়ার নয়।

সুনীতার ভাষ্য, গোবিন্দের সঙ্গে তার বিয়ের বয়স প্রায় ৪০ বছর। এত দীর্ঘ সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার কোনো কারণ দেখেন না তিনি। বর্তমানে গোবিন্দ নিজের মতো কাজ করছেন, অন্যদিকে তিনি ব্যস্ত রয়েছেন নিজের পেশা নিয়ে। তবে কেউ তাদের আলাদা করতে পারবে না বলে বিশ্বাস করেন সুনীতা। বাকি সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।

এর আগেও স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। গোবিন্দের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলার পাশাপাশি অভিনেতার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরেও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিনোদন অঙ্গনে আলোচনা চলছে।

কিছুদিন আগে এক অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সুনীতা।

তার দাবি, বিয়ের শুরু থেকেই বিশ্বাসভঙ্গের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এখন আর অতীতের ঘটনা নিয়ে মানসিক চাপ নিতে চান না তিনি। অতিরিক্ত চিন্তা শরীরের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সুনীতা। আপাতত সন্তানদের নিয়েই বেশি ভাবতে চান তিনি।

অন্যদিকে, দাম্পত্য জীবনের কঠিন সময়ের কথা স্বীকার করেছেন গোবিন্দও।

তার ভাষ্য, ঈশ্বরই তাদের জীবনে কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন। তবে তারা সেই প্রতিকূল সময় পেরিয়ে এসেছেন। ভবিষ্যতে যেন আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে প্রার্থনাও করেছেন অভিনেতা। পাশাপাশি সুনীতার প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা আহুজা। তাদের সংসারে রয়েছে ছেলে যশবর্ধন ও মেয়ে টিনা। দীর্ঘ দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও সম্পর্ক টিকিয়ে রাখার প্রত্যয় জানিয়েছেন সুনীতা।

এ সম্পর্কিত আরও পড়ুন