শেখ হাসিনার পাসপোর্টের প্রয়োজন নেই: আসিফ নজরুল
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর সামনে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তার মতে, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার দেশে ফিরতে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। বরং তাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি।
তবে এ ক্ষেত্রে আইনি জটিলতার কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। তাই নতুন পাসপোর্ট নিয়ে তার দেশে ফেরার সুযোগ নেই। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
আসিফ নজরুল আরও বলেন, পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে—এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।

এসি//