লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সার লুট
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি টিনশেড ঘর থেকে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে উত্তেজিত কৃষকদের বিরুদ্ধে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল।
এ সময় সার সংগ্রহ করতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তেজনা ও হট্টগোলে রূপ নেয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা টিনশেড ঘরটিতে ভাঙচুর চালিয়ে সেখান থেকে সার নিয়ে যান।

ডিলারের হিসাব অনুযায়ী, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ঘটনার আগে ১৭০ বস্তা বিতরণ করা হয়। বর্তমানে অবশিষ্ট ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক ও চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে মাইকিং করে নিয়ে যাওয়া সার ফেরত দেওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। চাটমোহরের এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আই/এ