আইন-বিচার

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই, দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হওয়ায় শেখ হাসিনার নতুন করে পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, রায়ের বিরুদ্ধে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

তিনি জানান, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হলে এবং সেই দণ্ডের মেয়াদ অন্তত দুই বছর হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

পাসপোর্ট অর্ডারের ৭ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত হওয়ায় সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, পাসপোর্ট অর্ডারের ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারা অনুযায়ী, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় পাসপোর্ট কর্তৃপক্ষের তাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত এখতিয়ার নেই।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন