চোখে ‘আলো নেই’, ক্যাসেটে কোরআন শুনে হাফেজ হলেন ফাতেমা
জন্ম থেকেই চোখে দেখতে পান না। জীবনে দুবার আক্রান্ত হয়েছেন জরায়ুর ক্যানসারে। করতে হয়েছে অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি। এর মধ্যেও থেমে থাকেননি তুরস্কের ৫৫ বছর বয়সী ফাতেমা চেলিক। ক্যাসেটে কোরআন তিলাওয়াত শুনে দীর্ঘ ১৭ বছরের চেষ্টায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন তিনি।
২০২৪ সালের ২৯ অক্টোবর তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির অংশীদার সংবাদমাধ্যম হাবেরতুর্কের এক প্রতিবেদনে ফাতেমার এই অসাধারণ অর্জনের কথা উঠে আসে।
ফাতেমার বাড়ি তুরস্কের সাকারিয়া প্রদেশের আকইয়াজি জেলায়। ২০০২ সালে স্থানীয় একটি কোরআন শিক্ষাকেন্দ্রে হিফজ শুরু করেন তিনি। জন্মগতভাবে দৃষ্টিহীন হওয়ায় ব্রেইল পদ্ধতিতে কোরআন শেখার সুযোগ ছিল না তার। তাই শিক্ষকের রেকর্ড করা ক্যাসেটে তিলাওয়াত শুনে শুনে আয়ত্ত করতে থাকেন কোরআনের আয়াত।
হিফজের এই দীর্ঘ যাত্রায় নানা শারীরিক বাধার মুখেও পড়তে হয়েছে তাকে। দুইবার জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে অস্ত্রোপচার ও ছয়বার কেমোথেরাপি নিতে হয়েছে। তবে কোনো কিছুই তাকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। কোরআন মুখস্থ করতে গিয়ে ছয়টি টেপরেকর্ডার নষ্ট করেছেন বলে জানিয়েছেন ফাতেমা। পরে শিক্ষকের দেওয়া ছোট একটি যন্ত্রের সাহায্যে অনুশীলন চালিয়ে যান তিনি।
দীর্ঘ ১৭ বছরের সাধনার পর ২০১৯ সালে পুরো কোরআন মুখস্থ শেষ করেন ফাতেমা। এর মধ্যে পক্ষাঘাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেলেও দুই মাস পর আবার কোরআন শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেন।
বর্তমানে প্রতিদিন ফজরের নামাজের পর মুখস্থ করা কোরআন পুনরাবৃত্তি করেন ফাতেমা। এবার তার লক্ষ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে হাফেজের সনদ অর্জন করা।
এসি//