বিরোধ মেটাতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত, আটক ২
লালমনিরহাট সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় একজন নারী পুলিশ সদস্যসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে বিরোধ মেটাতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আজ (১০ নভেম্বর) লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার পর কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চালকসহ আমতলা এলাকায় পাঁচ ব্যক্তি আটক করে। এ সময় রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা, পরবর্তীতে মারামারি শুরু হয়। চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিকশাচালক এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামে এক যুবককে আটক করেন। বাকি চারজন পালিয়ে যান।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে হেফাজতে নিয়ে থানায় আসতে চাইলে স্থানীয়দের একটি পক্ষ বাঁধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে বসে মীমাংসা করা হবে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালান। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত পাঁচ পুলিশ সদস্য রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, লিটন মিয়া ও কনস্টেবল শাহনাজ আক্তার।
ওসি সাদ আহমেদ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। আমরা জানতে পেরেছি, পালিয়ে যাওয়া চারজনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমজে/এ