চট্টগ্রামে তেলের গুদামে আগুন
চট্টগ্রাম নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি জ্বালানি তেলের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সন্ধ্যায় খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের মোট ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, আগুনের তীব্র শিখা ও কালো ধোঁয়া দেখে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে গুদামের আশপাশের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের অভিযোগ, উক্ত গুদামটিতে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কন্টেইনারে রিফিল করা হতো। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ মবিলসহ যাবতীয় দাহ্য পদার্থের গুদাম অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনও ধোঁয়া রয়েছে। শুরুতে তেলের দোকানে আগুন লাগার খবর শুনে আমরা আসি, তবে এসে দেখতে পাই এটি মূলত একটি তেলের গুদাম। পরবর্তীতে আমরা ফোম নিয়ে আসি এবং সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এমজে/এ