৬ টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি
নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ানের (এসআরবি) সহযোগিতা নেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলো বন্ড সুবিধায় শুল্ক-করমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে খোলাবাজারে সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর গুদামে মজুত সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত পরিমাণ সংশ্লিষ্ট স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের সঙ্গে মিলিয়ে অসংগতি পাওয়া যায়।
পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকা শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিম ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা; জাহিন নীটওয়্যার্স লিমিটেড, বন্দরে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা; সানজানা ফেব্রিক্স লিমিটেড, রূপগঞ্জে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা; বোনাফাইড নিটিং মিলস লিমিটেড, আড়াইহাজারে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা; মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, রূপগঞ্জে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, বন্দরে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
এতে আরও বলা হয়, বন্ড সুবিধার মূল উদ্দেশ্য রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক রাখা। এ সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত কাঁচামাল অনুমোদিত উৎপাদন ও রপ্তানির পরিবর্তে খোলাবাজারে বিক্রি করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে শুল্ক-কর পরিশোধকারী বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।
কাস্টমস গোয়েন্দার অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি এবং অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুত পাওয়া গেছে। এসব অসংগতি বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার ও রাজস্ব ফাঁকির ঝুঁকি নির্দেশ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে আমদানি, উৎপাদন, মজুত ও ব্যবহারের তথ্যসহ প্রয়োজনীয় দলিলাদি সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের অধিকতর যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে উদ্ঘাটিত শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ এবং সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বন্ড সুবিধার অপব্যবহার, অবৈধ পণ্য সরবরাহ ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে অধিদপ্তর।