দেশজুড়ে

কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নানা বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এক কয়েদির অস্ত্রোপচার করে চিকিৎসকরা পেয়েছেন অস্বাভাবিক সব বস্তু। তার পেট থেকে বের করা হয়েছে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এসব বস্তু বের করা হয়।

অস্ত্রোপচার হওয়া কয়েদির নাম হাসমত আলী। ৪৪ বছর বয়সী এই ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ছমের ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসমত আলী পেটে তীব্র ব্যথা অনুভব করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে জটিল শারীরিক সমস্যার পাশাপাশি একটি পিণ্ডের অস্তিত্ব শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে তার পেটের ভেতরে বিপুলসংখ্যক ধাতব ও অপচনশীল বস্তু দেখতে পান। পরে গত ৪ নভেম্বর অস্ত্রোপচার করে এসব বস্তু বের করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসমত আলীর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি গোপনে ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটার ও অন্যান্য বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর হাসমত আলী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন