অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
অনলাইন সংবাদমাধ্যমের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা ধরে রাখার চ্যালেঞ্জও। এ ক্ষেত্রে সংবাদ ও সাংবাদিকতার মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনলাইন সংবাদমাধ্যমের মান বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি একটা বিষয়। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটিটাও যদি ভালো না হয়, আপনার মানুষজন আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই আপনাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য সেরকম সাংবাদিক সম্পৃক্ত করতে হবে আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে।’
অনলাইন সংবাদমাধ্যমের বার্ষিক নবায়ন ফি বাতিলের প্রস্তাব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘এই ফি’টা একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু প্রস্তাব দিয়েছেন, এটাকে পাঁচ লাখ টাকা করার জন্য নয়।’
তিনি আরও বলেন, ‘অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা হচ্ছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।’
অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নের বিষয়েও কথা বলেন ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’
বৈঠকে অনাবের নেতারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা।
এসি//