ভারতের ভিসা নীতিতে ‘বড় পরিবর্তন’!
বিদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি করা হচ্ছে। পাশাপাশি উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে ২৩টিতে নামানো হয়েছে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ভিসা ব্যবস্থায় এই সংস্কার কার্যক্রম শুরু হয়। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক প্রয়োজনে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন কাঠামোয় প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সুস্থতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ভিজিটর ভিসার মেয়াদ ও সুযোগ
নতুন নিয়মে ভিজিটর ভিসাকে দুটি উপ-বিভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ভি-১ ও ভি-২।
ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এই ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, যোগব্যায়াম, ভাষা শিক্ষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পবিষয়ক কার্যক্রমে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এই ভিসায় ভি-১-এর আওতাভুক্ত সব সুযোগের পাশাপাশি পর্বতারোহণেরও সুযোগ থাকবে।
চিকিৎসা ভিসায় এক বছরের মেয়াদ
বিদেশি রোগীদের সুবিধার্থে চিকিৎসা ভিসাতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য আলাদা উপ-বিভাগ রাখা হয়েছে।
এম-১ ভিসা দেওয়া হবে প্রচলিত চিকিৎসার জন্য। রোগীর সঙ্গে ভারতে যাওয়া ব্যক্তিদের জন্য থাকবে এম-২ ভিসা। আয়ুষ চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা পাবেন এম-৩ এবং তাঁদের সঙ্গীদের জন্য নির্ধারণ করা হয়েছে এম-৪ ভিসা।
এম-১ ও এম-৩ ভিসার সাধারণ মেয়াদ হবে এক বছর। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই মেয়াদ কার্যকর হবে।
এর ফলে বিদেশি রোগীদের চিকিৎসা, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে বারবার নতুন ভিসার আবেদন করার প্রয়োজন কমবে বলে আশা করছে ভারত সরকার।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা ভিসা
শিক্ষার্থী ভিসাকেও দুটি উপ-বিভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ভারতে পড়াশোনার সুযোগ পাবেন।
অন্যদিকে, পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে এস-২ ভিসা।
এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা তাঁদের শিক্ষা কার্যক্রমের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা পেতে পারেন। এই ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসায় নতুন নিয়ম
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ নামে দুটি ভাগে সাজানো হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহীদের জন্য নির্ধারণ করা হয়েছে বি-১ ভিসা।
অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কাজের জন্য দেওয়া হবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিংয়ের সুযোগ থাকবে।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, পণ্যের মান যাচাই, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এই সুবিধা পাবেন। এসব কাজের জন্য বি-২ ভিসার পাশাপাশি ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ভারতের ১৩টি উপ-বিভাগে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হচ্ছে। বিশ্বের ১৭২টি দেশের নাগরিক এই সুবিধা পাচ্ছেন।
নতুন ভিসা কাঠামো চালু করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোর আওতায় ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।
সংস্কার অনুযায়ী, ভারতের ভিসার প্রধান নয়টি বিভাগ হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় থাকবেন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল সদস্য এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা। এ ছাড়া ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকদেরও এই বিভাগের অন্তর্ভুক্ত করা হবে।
নতুন এই সংস্কার কার্যকর হলে বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সংক্ষিপ্ত হবে বলে আশা করছে দেশটির সরকার।
সূত্র: এনডিটিভি
এসি//