পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে পৃথক স্থানে পুলিশের রাতভর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মো. খোকন বেপারী (৪৮), ১৩ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ আলম (৫৩) এবং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসেন (৫০)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে বায়ান্ন টিভিকে জানিয়েছেন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
পুলিশ জানায়, গতকাল গভীর রাতে খোকন বেপারীকে শহরের শাহেদনগর বেপারীপাড়া থেকে, শাহ আলমকে চর রায়পুর ওয়াবদা মহল্লা থেকে এবং ফিরোজ হোসেনকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর কড্ডা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. রাকিবুল হাসান বলেন, নভেম্বরের প্রথম ১২ দিনে এ ধরনের অভিযানে মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
এমজে/এ