দেশজুড়ে

চাঁদাবাজি ঠেকাতে ডিসিকে গোপনে স্মারকলিপি, ধর্মঘটের ঘোষণা ফার্মেসি ব্যবসায়ীদের

খুলনায় চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন ফার্মেসি ব্যবসায়ীরা। প্রাণনাশের হুমকিতে নগরের রূপসা এলাকায় ১০ থেকে ১১টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন মালিকরা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপনে জেলা প্রশাসক (ডিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ‘খুলনার সাধারণ কেমিস্টবৃন্দ’ ব্যানারে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে আগামী তিন দিনের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় ১৬ নভেম্বর থেকে খুলনার সব ফার্মেসি বন্ধ করে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজদের ভয়ে স্মারকলিপি দেওয়ার সময় কোনো ছবিও তোলেননি তারা।

ব্যবসায়ীরা জানান, সম্প্রতি চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন ফার্মেসির মালিকদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। এ কারণে কয়েকটি ফার্মেসি বন্ধ রয়েছে।

এর আগে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার নগরের সাত রাস্তা মোড়ে এ কর্মসূচি থেকে পুলিশ প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়।

ভুক্তভোগী ও পুলিশের তথ্য অনুযায়ী, গত এক মাসে খুলনার অন্তত চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নেতৃত্বাধীন ‘বি কোম্পানি’ এবং নুর আজিমের নাম এসেছে।

গত ২৪ অক্টোবর বাবু খান রোডের সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে মুখোশধারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়ে। পরদিন সোনাডাঙ্গায় প্রতিষ্ঠানটির আরেকটি শাখায় সশস্ত্র মহড়া দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া সিটি কুইন্স ক্লিনিক, রংধনু ক্লিনিক ও অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে, ৮ নভেম্বর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে বার্তা পাঠানো হয়। টাকা না দিলে ভিন্ন ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। ধারাবাহিক এসব ঘটনায় খুলনার স্বাস্থ্যসেবা খাতে নিরাপত্তাহীনতা বাড়ছে।

 এ প্রেক্ষিতে চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসায়ীরা ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন