রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাতের ফেসবুক পোষ্ট

কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। এ ঘটনায় মন্ত্রী হামলার বিষয়টিকে গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ  করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত প্রশ্ন তোলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

এর আগে আজ (১২ নভেম্বর)  জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর ওই অগ্নিকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড দুর্ঘটনাবশত আগুন লেগেছে, নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। ঘটনাস্থলে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। প্রাথমিকভাবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লাগার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম ফেসবুক পোষ্টে লেখেন, ‘বাচ্চাসহ ৬–৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্র মন্ত্রী!! পেট্রলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তূকে বলে দিলেন শর্টসার্কিটের ফলাফল!! আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারও বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা তার বাড়িতে হামলা চালিয়েছেন বলে নিজের বিশ্বাসের কথা উল্লেখ করে নুসরাত আরও বলেন, ‘সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন? আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, ফার্মগেটের বাস কিংবা কমলাপুরের রেলস্টেশনও কি পরিত্যক্ত? ছিহ!’

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন