সংগীতশিল্পী সাহেদ আর নেই
জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
শুক্রবার (১৩ নভেম্বর) সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন সাহেদ। কিডনির সমস্যার কারণে নিয়মিত ডায়ালিসিস করতে হতো। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার লাইফ সাপোর্ট দেওয়া হয় তাকে।
এর আগে গেল ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, চিকিৎসা চলাকালে তার মৃদু স্ট্রোক হয়। এরপর কথা বলার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলেন। এর মধ্যেই তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে একপর্যায়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকেই সংগীতজগতে পথচলা শুরু তার। ‘রোকযানা’ সাহেদ নামেও সংগীতপ্রেমীদের কাছে পরিচিত ছিলেন তিনি।
তার উল্লেখযোগ্য গানগুলোর তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে বাজারে আসে তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর একে একে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
এমএ//