রাজধানীর মহাখালীতে দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে একদল যুবকদের সংঘর্ষ হয়। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে হামলা–ভাঙচুরের এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দূরবীন বাংলা রেস্তোরাঁয় খাবার খেতে সিরিয়াল দিতে হয়। এই সিরিয়ালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়েছে। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালিয়েছেন।
পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁয় বসা নিয়ে ওই তরুণের সঙ্গে রেস্তোরাঁকর্মীদের বাগ্বিতণ্ডার জের ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বেধে যায়।
গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খান বলেন, এ ঘটনার ফুটেজ আছে, হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। রেস্তোঁরার মালিক সাফিনকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খোলার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে পুলিশ থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, দেশি নানা পদের খাবারের জন্য দূরবীন বাংলা রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। খাবার খাওয়ার জন্য বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়। এতে অনেক সময় লাগায় অনেকে বিরক্তও হয়ে থাকেন।
আই/এ