এমপি নুসরাত তাবাসসুমের বাবার নামে মামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে করা এ মামলায় তাঁকে একমাত্র এজাহারভুক্ত আসামি করে আরও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেনে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন বাদী।
এজাহার অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
বাদী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারে যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করেছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এ কারণে তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। হামলার পর ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি।
অন্যদিকে, মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, “ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় অনেকের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানি। ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করে থাকতে পারেন।”
মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার এসআই মহসিন চৌধুরী জানান, তাকে মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এখনও তদন্ত কার্যক্রম শুরু করেননি।
এমজে/এ