জাতীয়

জলবায়ু মোকাবিলায় ইইউর অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের বিভিন্ন আয়োজনের ফাঁকে ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের জলবায়ু ও জ্বালানি খাতের অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির গাছ।

উপকূলীয় এলাকার সংকট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রের লবণাক্ত পানি ছড়িয়ে পড়া এবং সুপেয় পানির অভাবে স্থানীয় জনগোষ্ঠী নানা সমস্যার মুখে পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় অভিযোজন প্রকল্পের পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে ইইউর অর্থায়ন, আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে পরিবেশ সুরক্ষায় সরকারের অন্যান্য উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটার দূষণ কমানো।

অন্যদিকে, প্যারিস চুক্তির লক্ষ্য বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) নিয়ে ইইউর অবস্থান ব্যাখ্যা করেন ডায়না অ্যাকোনিয়া।

তিনি জানান, জলবায়ু খাতে বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পুরোনো লক্ষ্য পূরণ হয়েছে। বর্তমানে ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ চলছে।

তিনি আরও জানান, ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইইউর প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৫০ শতাংশ বরাদ্দ রাখার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কর্মসূচিতে নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এই কর্মসূচির আওতায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী বিনিয়োগ প্রকল্প চিহ্নিত ও প্রস্তুত করতে সহায়তা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের জ্বালানি ও পরিবহন খাতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান ইইউ প্রতিনিধি। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ব্রাসেলসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন ডায়না অ্যাকোনিয়া। এসব প্রকল্পে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি সুবিধা কাজে লাগিয়ে বিনিয়োগের সম্ভাবনাও যাচাই করা হবে বলে জানান তিনি।

জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব পরিবহন ও অভিযোজন প্রকল্পে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এসব উদ্যোগের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় ইইউ প্রতিনিধিদলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন