চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা
রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়ার মুকুল মিয়া (৩৩) এবং একই এলাকার শাকিব হোসেন (২৬)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জিগাতলা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার ও পুলিশ জানিয়েছে, মুকুল ও শাকিব কুমিল্লার একটি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল রাতে তারা ‘সাইমুন ক্লাসিক’ নামের একটি বাসে করে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাসের ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে বাসের চালক জয়নাল ও হেলপার শফিককে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতের স্বজনদের অভিযোগ, তাদের কাছে থাকা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাসের কর্মীদের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়
ওসি ইজার উদ্দিন জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আই/এ