দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগ, কারাগারে ২ যুবক
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় এক দম্পতির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামি আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
রোববার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ।
কারাগারে পাঠানো দুই যুবক হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের কবীর আলীর ছেলে সাকিব আলী এবং দুলালের ছেলে সাগর আলী।
পুলিশ জানায়, শনিবার বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকা থেকে সাগর আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, মামলার প্রধান আসামি সাকিব আলী (২২) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তবে আদালত তার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে মামলার দুই আসামিই এখন কারাগারে রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার গাড়ইপাড়া এলাকায় নিজ বাড়ির পাশে নির্মাণকাজ চলায় এক দম্পতি সাকিবের পরিবারকে নিজেদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। একই বাড়িতে পাশাপাশি কক্ষে থাকার সুযোগে সাকিব ওই দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগ। পরে সহযোগী সাগরকে নিয়ে ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ওসি শাহীন আকন্দ জানান, মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে দুই আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।
এমএ//