টিকটিকি থেকে শুঁয়োপোকা, নজরুল বিশ্ববিদ্যালয়ের হল ডাইনিংয়ে অস্বস্তিকর চিত্র
বিশ্ববিদ্যালয়ের হলে থাকার অন্যতম সুবিধা হওয়ার কথা নিরাপদ ও সাশ্রয়ী খাবারের নিশ্চয়তা। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কাছে সেই সুবিধাই এখন অনেকটা ভোগান্তির কারণ হয়ে উঠেছে। ডাইনিংয়ে খাবার খেতে গিয়ে কখনো ভাতের মধ্যে শুঁয়োপোকা, কখনো তেলাপোকা, আবার রান্না করা ভাতের পাতিলে টিকটিকি পাওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনা ছাড়াও খাবারের মান ও পরিমাণে ঘাটতি, অস্বাস্থ্যকর রান্নার পরিবেশ, খাবার সংরক্ষণে অবহেলা এবং নিয়মিত তদারকির অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের পাতিলে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করে। ওই দিন দুপুরে খাবার খাওয়ার সময় প্লেটের অর্ধেক ভাত শেষ করার পর টিকটিকিটি দেখতে পান আবাসিক শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি ডাইনিং পরিচালককে বিষয়টি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৮ নভেম্বর বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে পোকামাকড় পাওয়ার অভিযোগ ওঠে। ওই দিন এক শিক্ষার্থী ভাতের মধ্যে লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। একই দিনে অন্য এক শিক্ষার্থী খাবার কক্ষে নিয়ে খাওয়ার সময় তাতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন।
অগ্নিবীণা হলের ডাইনিং পরিচালক আলামিনের দাবি, সিলিং থেকে টিকটিকিটি ভাতের পাতিলে পড়ে গিয়েছিল। পাতিলের ঢাকনা খোলা থাকায় আগে বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর পাতিলের সব ভাত ফেলে দেওয়া হয়। হলটির প্রভোস্ট মো. হারুনুর রশিদও ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে ডাইনিং পরিচালককে সতর্ক থাকার নির্দেশ দেওয়ার কথা জানান।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাইনিংয়ের খাবার নিয়ে অসন্তোষের পরিধি আরও বিস্তৃত। তাঁদের অভিযোগ, খাবারের দাম বাড়লেও মান ও পরিমাণে সেই অনুপাতে পরিবর্তন আসেনি। অনেক সময় আগের দিনের রান্না করা খাবার পরদিন গরম করে পরিবেশন করা হয়। রান্নায় পচা সবজি ব্যবহার, একই তেল বারবার কাজে লাগানো এবং খাবার যথাযথভাবে ঢেকে না রাখার অভিযোগও রয়েছে। এ ছাড়া ভাতের চালের মান, তরকারি ঠিকমতো সিদ্ধ না হওয়া, মাছ-মাংসের পরিমাণ এবং পার্সেলের খাবার নিয়েও আপত্তি রয়েছে তাঁদের।
শিউলীমালা হলের এক আবাসিক শিক্ষার্থীর অভিযোগ, ‘হলের খাবারের মান নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ভাতের চাল অনেক মোটা, আর তরকারিও অনেক সময় ঠিকমতো সিদ্ধ করা হয় না। বর্তমানে হাফ ভাতের পরিমাণও আগের তুলনায় বেশ কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তরকারি পার্সেল নিলেও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় না। খিচুড়ির ক্ষেত্রেও কোনো ধরনের সবজি দেওয়া হয় না। এসব বিষয় নিয়ে এর আগেও প্রভোস্ট ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম। তখন তিনি বলেছিলেন, তাদেরও তো ব্যবসা করতে হয়, মেয়েরা ডাইনিংয়ে কম খায়।’
দোলনচাঁপা হলের এক শিক্ষার্থী জানান, ‘অনেক সময় আগের রাতের সবজি গরম করে পরিবেশন করা হয় এবং হলে একই ধরনের খাবার বারবার রান্না করা হয়। আগে আমাদের হলে ভাত ফ্রি ছিল, এখন প্রতি প্লেট ১০ টাকা করে নেয়। হল প্রশাসনের নিয়মিত তদারকি, রান্নায় বৈচিত্র্য ও নতুন খাবার সংযোজন করলে খাবারের মান আরও উন্নত হবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, প্রয়োজনীয় অর্থ ব্যয় করেও তাঁরা মানসম্মত ও পরিমিত খাবার পাচ্ছেন না। অন্যদিকে, খাবার প্রস্তুত ও সংরক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতি থাকলে তা খাদ্যবাহিত রোগের ঝুঁকি তৈরি করতে পারে। খাবারে পোকামাকড় কিংবা প্রাণীর উপস্থিতি শুধু খাবারের মানের প্রশ্ন নয়, বরং রান্নাঘরের পরিচ্ছন্নতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।
অভিযোগের বিষয়ে শিউলীমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, ‘আমরা নিয়মিতভাবে খাবারের মান যাচাই করি এবং কোনো ত্রুটি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের তা ঠিক করতে নির্দেশ দিই। ভবিষ্যতে যেন নিম্নমানের চাল ব্যবহার না হয়, খাবারে কোনো পোকা বা অস্বচ্ছতা না থাকে এবং রান্নার স্বাদে বৈচিত্র্য আসে, সেদিকে কঠোর নজরদারি করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগকৃত কর্মচারী ও বাবুর্চি থাকলেও নজরুল বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ক্যান্টিন বাইরের মালিকদের কাছে ইজারা দেওয়া। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আলাদা ভর্তুকি না থাকায় সাশ্রয়ী মূল্যে খাবারের মান বজায় রাখা সম্ভব হচ্ছে না।
আই/এ