গ্রেফতারের পর এবার সাময়িক বরখাস্ত এসপি জাহাঙ্গীর
পতিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়।
আজ (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
মামলার জেরে গেল ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
এতে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৩৯ (২) ধারা অনুযায়ী মো. জাহাঙ্গীর আলমকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এমজে/এ