পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। প্রায় চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া রেকর্ড ৫১ বস্তা টাকা গণনার সময় এসব স্বর্ণালংকার পাওয়া যায়। পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন ।
আজ সকাল ৭টার দিকে ১৫টি দানবাক্সগুলো খোলা হয়। পরে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটির সন্ধান মেলে।
এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত ১০ কোটি টাকা রুপালী ব্যাংকের পাঠানো হয়েছে।
দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
আই/এ