১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার : বিজিএমইএ
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতা চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়।
জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএর মতে, দেশের পোশাকশিল্পের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাবের প্রতিফলন এই ক্রয়াদেশ স্থানান্তর।
বিজিএমইএ মনে করে জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। সংগঠনটির ধারণা ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত কারখানার তথ্য এই হিসাবের মধ্যে আসেনি।
আই/এ