গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ বিষয়ে এখনো পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে ওই দুই গ্রামের যুবকেরা শহরে একটি মিছিল বের করেন। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে নয়জন স্প্লিন্টারের আঘাতে আহত হন। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমজে/এ