শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, টাকা খরচ করে বা লোক ভাড়া করে অনেক কিছু লেখানো যেতে পারে। তবে বাস্তবতা ও প্রত্যাশা এক নয়, এ দুটির পার্থক্য বুঝতে হবে। প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, কেউ হয়তো স্বপ্ন দেখছেন হেঁটে হেঁটে কিংবা বিমানে বাংলাদেশে চলে আসবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’
বাংলাদেশের মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে আওয়ামী লীগের কার্যক্রমকে বোঝে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসী তো একজনই। সন্ত্রাসী তো আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে তাদের বোঝে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে। এটা তো রকেট সায়েন্স না। সন্ত্রাস তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে কারা।’
হুমায়ুন কবির বলেন, ‘জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাবার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান।’
দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সরকার আত্মবিশ্বাসী। জনগণের আস্থা ও সমর্থন নিয়েই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও সাধারণ মানুষ ভীত হচ্ছে না। বরং যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তারাই আতঙ্কিত হচ্ছে।
হুমায়ুন কবির আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা নেই। এসব ঘটনায় জড়িতদের মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//