বিনোদন

আইসিইউতে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের পরিচিত মুখ বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই নাট্যব্যক্তিত্ব। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশের নাট্যাঙ্গনে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। তার হাত ধরেই ১৯৭২ সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ ও মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও সক্রিয় হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন মামুনুর রশীদ। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

মঞ্চের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা।

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মামুনুর রশীদ। তার অসুস্থতার খবরে উদ্বেগ তৈরি হয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন