আইন-বিচার

মাদ্রাসায় ভাংচুর মামলা, জামিন পেলেন সেই রুমী

গাজীপুরে মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত সেই শাহজালাল রুমী। নিজের কন্যা শিশুকে নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় মেরে আলোচনার জন্ম দেন রুমী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের একটি বেঞ্চ গত ৩ নভেম্বর শাহজালাল রুমীকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চের ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ তিনি নিম্ন আদালতে হাজির হন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হলে এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

ঘটনার দুই দিন পর, ২১ অক্টোবর শিশুটির অভিভাবকসহ স্থানীয় কয়েকজন ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাকে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী সময়ে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকেও শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়।

শাহজালাল রুমী বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মিথ্যা মামলা করেছে। আজ আদালতে আত্মসমর্পণ করার পর তিনি জামিন পেয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন