জাতীয়

পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি : রিজভী

ছবি: সংগৃহীত

গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

দেশকে অস্থিতিশীল করার নানা প্রক্রিয়া চলছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে।

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। তবে গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।

প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি, সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির বিষয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও বলেন, ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে।

এটি মহাসমাবেশ নয়, বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ বলেও জানান তিনি। 

 

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন