রাজধানীতে বাসে আগুন-ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পৃথক দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানান, চলন্ত বাসে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে আগুন দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
অন্যদিকে, রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে সড়কে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএ//