মৃত্যুর দুই বছর পর চাচা-ভাতিজার মরদেহ উত্তোলন, হত্যার অভিযোগ স্বজনদের
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় দুই বছর পর নতুন করে তদন্তের স্বার্থে কবর থেকে চাচা ও ভাতিজার মরদেহ উত্তোলন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার হেমনগর এলাকায় তাদের মরদেহ তোলা হয়। নিহতদের স্বজনদের দাবি, সড়ক দুর্ঘটনার আড়ালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তাদের।
নিহতরা হলেন হেমনগর (কাটাবাড়ী) গ্রামের মৃত আব্দুল আজিজ ফারুকীর ছেলে রোকনুজ্জামান ওরফে রোকন ফারুকী এবং তার ভাতিজা নাছির উদ্দিন নান্টু।
পরিবারের দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৪ মার্চ তাদের ওপর হামলা চালানো হয়। ওই দিন একটি মামলায় আদালতে হাজিরা দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চাচা-ভাতিজা। সকাল সোয়া ৮টার দিকে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় হাটিকুমরুল মহাসড়কে পৌঁছালে পেছন থেকে আসা দুটি সাদা হাইয়েস মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে দুজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকন ফারুকীর মৃত্যু হয়। নাছির উদ্দিন নান্টুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাটি প্রথমে সড়ক দুর্ঘটনা হিসেবে নথিভুক্ত করা হলেও পরে নিহতদের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে অভিযোগ করে পরিবারের সদস্যরা আদালতের শরণাপন্ন হন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//