গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ থাকার কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জে এক লাখেরও বেশি মোবাইল আর্থিক সেবার হিসাব বন্ধ বা স্থগিত করা হয়েছে। অস্বাভাবিক আর্থিক লেনদেন শনাক্ত হওয়ার পর আর্থিক গোয়েন্দা সংস্থার পরামর্শে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৯ নভেম্বর) এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, অস্বাভাবিক লেনদেনের কারণে গোপালগঞ্জ জেলায় প্রায় এক লাখ মোবাইল আর্থিক সেবার হিসাব বন্ধ বা স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরামর্শে এসব হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে হিসাবগুলো কত দিনের জন্য বন্ধ থাকবে কিংবা কবে আবার চালু করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এর কয়েক দিন পর টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি সড়ক অবরোধের কারণে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করেনি।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উসকানি দেওয়ার পাশাপাশি অর্থায়নও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বুধবার জেলায় মোবাইল আর্থিক সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসি//