দেশজুড়ে

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় নেশার টাকা না পাওয়ায় নিজের মাকেই হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত নারী সোহাগী বেগম (৫৫) ওই এলাকার বাসিন্দা আজিজুল ইসলামের স্ত্রী। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার নাম সুমন, যিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটে স্বভাবের বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে সুমন মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর এলোপাতাড়ি হামলা চালায় সুমন। গুরুতর আহত অবস্থায় মাকে টেনে রাস্তায় ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন