আন্তর্জাতিক

শীতের দাপটে জমে গেছে নিউ ইয়র্ক, ভাঙতে পারে অতীতের রেকর্ড

শীত যেন নিউ ইয়র্ককে এক মুহূর্তের জন্যও ছাড় দিচ্ছে না। বরফে মোড়া রাস্তা, হিমেল বাতাস আর জমে থাকা ঠান্ডা—সব মিলিয়ে নিউ ইয়র্ক সিটি ও আশপাশের ট্রাই-স্টেট এলাকায় শীতের দাপট দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। টানা তুষারপাত ও শৈত্যপ্রবাহে অনেক জায়গায় তাপমাত্রা ২০ ডিগ্রি ফারেনহাইটের (মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে গেছে, আর বাতাসের কারণে অনুভূত তাপমাত্রা প্রায়ই শূন্যের নিচে চলে যাচ্ছে।

এই পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি ও পার্শ্ববর্তী এলাকায় কোল্ড ওয়েদার অ্যাডভাইজরি জারি রয়েছে। শনিবার টানা অষ্টম দিনের মতো তাপমাত্রা হিমাঙ্ক অতিক্রম করতে পারেনি। আবহাওয়াবিদরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা এই ঠান্ডা নিউ ইয়র্ক সিটির আগের শীতের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে।

সবচেয়ে তীব্র শীত অনুভূত হয়েছে উত্তর ও পশ্চিমের উপশহরগুলোতে। শনিবার সকালে কাটোনাহ ও ড্যানবুরি এলাকায় তাপমাত্রা নেমে যায় শূন্যের নিচে, আর মন্টগোমেরিতে ছিল প্রায় ৫ ডিগ্রি ফারেনহাইট। সেন্ট্রাল পার্ক ও নিউয়ার্কে তাপমাত্রা ছিল প্রায় ১০ ডিগ্রি, আর লং আইল্যান্ড ও জার্সি শোর অঞ্চলে তা নেমে আসে এক অঙ্কের ঘরে। প্রবল বাতাসের প্রভাবে বেলমার ও টমস রিভারে অনুভূত তাপমাত্রা মাইনাস ৮ থেকে ৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যা দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

এদিকে দেশটির ক্যারোলাইনা উপকূলে একটি শক্তিশালী ঝড় তুষারঝড়ের পরিস্থিতি তৈরি করলেও নিউ ইয়র্কে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকবে। তবে রোববার উপকূলীয় এলাকায় ঠান্ডার তীব্রতা আরও বাড়তে পারে। লং আইল্যান্ডে স্বল্প সময়ের জন্য হালকা তুষারপাতের সম্ভাবনা থাকলেও অধিকাংশ এলাকা শুষ্কই থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

শীতকালীন পরিস্থিতিতে তুষার পরিষ্কার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিউ ইয়র্ক সিটিতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অল্টারনেট সাইড পার্কিং নিয়ম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে পার্কিং মিটার সংক্রান্ত নিয়ম কার্যকর থাকবে। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, পর্যাপ্ত শীতবস্ত্র পরিধান করা এবং শীতজনিত সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন