আন্তর্জাতিক

আরও ৬৫ হাজার মৌসুমি শ্রমিক নেবে যুক্তরাষ্ট্র

২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র অতিরিক্ত প্রায় ৬৫ হাজার এইচ-২বি মৌসুমি অতিথি শ্রমিক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এসব ভিসা ইস্যু করা হবে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, যেসব মার্কিন নিয়োগকর্তা শ্রমিক সংকটের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছেন, তারাই এই বাড়তি ভিসার আওতায় শ্রমিক নিতে পারবেন। এর ফলে বছরে নির্ধারিত ৬৬ হাজার এইচ-২বি ভিসার সংখ্যা কার্যত প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে।

সরকার জানিয়েছে, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং ও সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ খাতে তীব্র কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেন। তিনি অবৈধ অভিবাসীদের অপরাধপ্রবণ ও সমাজের জন্য বোঝা হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে বৈধ অভিবাসন ব্যবস্থাও কঠোর করা হয়, যার মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা ও শরণার্থী–আশ্রয়প্রার্থীদের আবেদনে কঠিন যাচাই অন্তর্ভুক্ত ছিল।

তবে এইচ-২বি ভিসার সংখ্যা বাড়ানো নতুন কিছু নয়। এর আগে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামল এবং ট্রাম্পের আগের মেয়াদেও (২০১৭–২০২১) বিভিন্ন সময়ে এই ভিসার কোটা বাড়ানো হয়েছিল।

দীর্ঘদিন ধরেই হোটেলসহ মৌসুমি ব্যবসা খাতগুলো শ্রমিক সংকটের কথা জানিয়ে ভিসা বৃদ্ধির দাবি করে আসছিল। অভিবাসন নীতি কঠোর হওয়ায় কিছু নির্মাণ প্রতিষ্ঠান কর্মী সংকটে পড়ার অভিযোগও তুলেছিল।

অন্যদিকে, অভিবাসন সীমিত করতে চাওয়া বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের যুক্তি, বিদেশি শ্রমিক বাড়লে দেশীয় কর্মীদের মজুরি কমার ঝুঁকি থাকে।

এদিকে প্রযুক্তি খাতে ব্যবহৃত এইচ-১বি ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন নতুন করে এক লাখ ডলার অতিরিক্ত ফি আরোপ করেছে। সরকার জানিয়েছে, অতিরিক্ত এইচ-২বি ভিসা অনুমোদনের অস্থায়ী নিয়ম আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন