ধর্ম

রমজান শুরুর সংশোধিত তারিখ জানিয়েছে আমিরাত

সমগ্র মুসলিম উম্মাহ রমজান মাসটিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস হিসেবে উদযাপন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন, ইন্দ্রিয় সংযম ও আত্মশুদ্ধির মহিমা ঘিরে থাকে রমজান মাস। এবারও সেই বিশেষ মাসকে ঘিরে মুসলিম উম্মাহর মনে আগ্রহ এবং উচ্ছ্বাসের অন্ত নেই।

এই বার রমজান মাসের চাঁদ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। রোববার (০১ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের চাঁদ দেখা যাবে।

প্রথম দিকে ধারণা করা হয়েছিল, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের পর রমজানের চাঁদ দৃশ্যমান হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা সেই তথ্য জানিয়েছিল। তবে আইএসির সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ গঠন প্রক্রিয়ার চূড়ান্ত অবস্থায় থাকবে এবং তা দৃশ্যমান হবে না। ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য সংযুক্ত আরব আমিরাতের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে।

রমজান মাসের ২৯ বা ৩০ তারিখে উদিত হয় শাওয়াল মাসের চাঁদ, যা ইসলামের প্রধান উৎসব ঈদুল ফিতরের আগমনের বার্তা বহন করে। বাংলাদেশে রমজান শুরু হয় মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা একদিন পর। তাই আইএসির পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা যাবে ২০ ফেব্রুয়ারি এবং রোজা শুরু হবে ২১ ফেব্রুয়ারি।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ ও ইন্দ্রিয় সংযম পালনকেই রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের পুরো মাস জুড়ে রোজা পালন করেন।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন