আন্তর্জাতিক

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের চূড়ান্ত সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখে পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রনির্ভর হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে। সে হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রাতেই শুরু হবে প্রথম তারাবির নামাজ। এরপর ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে মুসলমানরা প্রথম রোজা রাখবেন।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের শেষ তারিখও শাওয়ালের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলেই শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ বুধবার হতে পারে। তবে রমজান শুরুর মতো ঈদের তারিখও চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চূড়ান্ত করবে।

রমজানের গুরুত্ব

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই মাসেই মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

রমজান মাসে মুসলমানরা প্রতিদিন ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় পানাহার ও ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে মুসলিমপ্রধান দেশগুলোতে রমজানকেন্দ্রিক প্রস্তুতি শুরু হবে। মসজিদে ইবাদতের পরিবেশ নিশ্চিত করা, জনসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং রমজানের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়াও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনার মাধ্যমে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ আগেই ধারণা করা সম্ভব হলেও ইসলামী রীতি অনুযায়ী চাঁদ দেখা এখনো চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তি। ফলে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণাই চূড়ান্ত বলে গণ্য হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন