জাতীয়

আজ পবিত্র ঈদুল ফিতর

ছবি: সংগৃহীত

আজ শনিবার (২১ মার্চ) উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। টানা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও ধর্মীয় আবহে দিনটি পালন করছেন দেশের মুসলিমরা।

রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত, যেখানে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঈদগাহে নারী মুসল্লিদের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন। ওজুখানা, চিকিৎসা সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হয়।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ভিন্ন ভিন্ন ইমাম নামাজ পরিচালনা করছেন।

আজ সকাল ১০টায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। 

ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

এদিকে ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু সদন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় ঈদ উদযাপনের আয়োজন করা হয়েছে।

শিশুদের আনন্দের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের আওতাধীন শিশু পার্কগুলোতে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি জাদুঘর, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমিতেও আয়োজন করা হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সব মিলিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা, পারিবারিক আনন্দ ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন