রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিতিতে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে অংশ নেন। পাশাপাশি প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান এবং সকাল ৮টার জামাতে নেতৃত্ব দেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। এরপর সকাল ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় আরও তিনটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন আলেম ইমামতির দায়িত্ব পালন করছেন।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ জামাতস্থলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে এবং নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়া মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবন এলাকায় ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন করা যায়।
এমএ//