ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের জমজমাট কনসার্ট
ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কের জ্যামাইকা হিলসাইড এলাকায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ‘চাঁদ রাত’। ঈদের আগের রাতে অনুষ্ঠিত এই আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেহেদি, দেশীয় পোশাক ও নানা ধরনের খাবারের স্টলগুলোতে ছিল ব্যাপক ভিড়। প্রবাসে থেকেও দেশের ঈদের আবহ অনুভব করতে পেরে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।
রাইভালস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা। গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী জুয়েল, রন্টি, রাজিব ভট্টাচার্য, প্রেমা, নাজু আখন্দ ও প্রতীক হাসান। শেষ পর্বে ‘হিলসাইড প্রিন্স’ নামে পরিচিত হাসানের পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট এইড হোমকেয়ারের প্রেসিডেন্ট ড. জিসি প্যাট ও শাহজাদি পারভিন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এটর্নি মইন চৌধুরী।
মধ্যরাত পর্যন্ত চলা এই আয়োজনের সমাপ্তি ঘটে বর্ণিল আতশবাজির মাধ্যমে, যা উপস্থিত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয় মুহূর্ত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া। সমন্বয়ের দায়িত্বে ছিলেন রিমেল, অঞ্জাম সিদ্দিকী রাফি ও রিফাত জামাল। এছাড়া সহযোগিতায় ছিলেন রাব্বি সায়েদ, হাসান, সাকিব, রুবেল, মিঠুন, সৌরভ, লিটু আনাম, রিপনসহ অনেকে।
সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন পিংক নয়েজের আরিফুজ্জামান ও অন্তর। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আরটিভি ও বায়ান্ন টিভি।
আয়োজকরা মনে করেন, এ ধরনের আয়োজন প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি আরও শক্তিশালী করে।