জাতীয়

শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তের প্রস্তাব জাতিসংঘে দেবে সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যা থেকে ওসমান হাদি হত্যার বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও নিহতের পরিবারের সদস্যরা।

কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, নিহতের স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। 

তারা জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে স্পষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন