১১ দলীয় জোট জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় ঢাকা-১১ আসনে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী হলেও অতীতের নেতৃত্বে সততার ঘাটতি ছিল। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখার অঙ্গীকার ও দেশের প্রতি দায়বদ্ধতার অভাবের কারণেই দেশ প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মই দেশকে সামনে এগিয়ে নেবে—এমনটাই তাদের প্রত্যাশা।
সমাবেশে তিনি ঢাকা-১১ আসনের দুই প্রার্থীর প্রসঙ্গ টেনে বলেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠাও। এখানে আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না। আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।
এসি//