হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (০৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গেল ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। ওই নোটে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
সরকার পুনর্ব্যক্ত করেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এমএ//