অর্থনীতি

মোবাইলে আর্থিক লেনদেনে সীমা বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে বড় অঙ্কের লেনদেনে সীমা আরোপ করা হচ্ছে। এ সময়ে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে পারবেন এবং একবারে লেনদেনের সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। ফলে বড় অঙ্কের অর্থ আদান-প্রদান কার্যত বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা অনুযায়ী লেনদেন পরিচালনার কথা বলা হয়েছে।

একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তরও সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তুতি রয়েছে। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, সিটি ব্যাংকের ‘সিটিটাচ’ এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’সহ বিভিন্ন ব্যাংকের অ্যাপে এ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে, নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে নগদ জমা ও উত্তোলনের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে জানাতে হবে। প্রতিবেদনে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। পরিস্থিতি অনুযায়ী লেনদেনের সীমা প্রয়োজন হলে বাড়ানো বা কমানোর সুযোগও রাখা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন