রাজনীতি

নির্বাচনের পরিবেশ একপেশে হয়ে পড়েছে : জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন,  নির্বাচনের পরিবেশ বর্তমানে একপেশে হয়ে পড়েছে এবং প্রশাসন সরকারি দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে বিভিন্ন অভিযোগ জানান তিনি।

জুবায়ের অভিযোগ করেন, পটুয়াখালী ২ আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস রেইড করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি জানিয়েছেন

তিনি বলেন, ঢাকা-১৫ আসন যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে নারীকর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছেন না।

তিনি আরও অভিযোগ করেন,  ‘‘বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া, জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে।

নারী সংগঠনের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে জানতে চাইলে জুবায়ের বলেন, আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল।  সেটি উদ্ধার করা হয়েছে এবং তদন্তে দেখা গেছে বঙ্গভবনের এক কর্মকর্তার ইমেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থনের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন