স্বর্ণের বাজারে উদ্বেগ, আবারও বাড়ল দাম
দেশের বাজারে ক্রেতা ও জুয়েলারিদের জন্য উদ্বেগের খবর—বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে। সংগঠনটি ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
নতুন হিসাব অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণ বিক্রয়ের মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অবশ্যই যুক্ত করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
এসি//