ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভোট নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
দেশজুড়ে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি ওয়্যার ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করে বিশেষ নজরদারি রাখা হবে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার তৎপর রয়েছেন।
আইজিপি জানান, ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। তবে পুলিশের তালিকায় থাকা এক হাজার ৩৩০টি অস্ত্রসহ আরও কিছু লুণ্ঠিত অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তিনি আশ্বস্ত করেন, সব বিষয় বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে, এতে ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন। আইজিপি সতর্ক করে বলেন, কোনো কেন্দ্রের নিরাপত্তা ভেঙে সহিংসতা ঘটলে প্রয়োজনে সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হতে পারে।
এসি//