জাতীয়

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে একযোগে তার এই ভাষণ সম্প্রচার করা হবে। 

ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণ আয়োজনের অবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে দেশবাসীকে অবহিত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হবে বলেও ধারণা করা হচ্ছে।

এছাড়া সারাদেশে নির্বাচনি সামগ্রী বিতরণ কার্যক্রম, ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিকল্পনার বিষয়ও তুলে ধরা হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন, কেন্দ্রভিত্তিক সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির বিষয়গুলোও ভাষণে আসতে পারে।

নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে কমিশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হতে পারে।

উল্লেখ্য, এর আগে গেল বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন