টাকাসহ ইউনিয়ন জামায়াতের আমির আটক, মুচলেকা দিয়ে ছাড়া
৭১ হাজার টাকাসহ সিরাজগঞ্জের কামারখন্দে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মমিনকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মী। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে প্রশাসন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিএনজিতে যাওয়ার সময় আব্দুল মমিনকে আটক করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দাবি করেন, ভোট কেনার জন্য সংগ্রহে থাকা ৭১ হাজার টাকা তারা উদ্ধার করেছেন।
আব্দুল্লাহ আল মামুন বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাবি করেছেন, তাদের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। যা তারা পোলিং এজেন্টদের খরচ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। আর টি-শার্ট ও ব্যাচ তাদের স্বেচ্ছাসেবকরা ব্যবহার করবে। এ সময় তাদের কাছে বেশকিছু পোলিং এজেন্টের ফরমও পাওয়া গেছে। টাকার অংশে গরমিল এবং উভয়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি তদন্তের জন্য জুডিশিয়াল কমিটিতে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আই/এ