দেশজুড়ে

ভোট দিয়েছেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা যেন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়—এটাই প্রত্যাশা। তার মতে, এই নির্বাচন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ শহরের তিনটি মহল্লা এই কেন্দ্রের অন্তর্ভুক্ত। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন। পুরুষ ও নারী ভোটারদের জন্য এখানে মোট ১০টি বুথের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে প্রায় ১৭ বছর পর ভোটের পরিবেশকে ঘিরে সারাদেশে উৎসবের আবহ দেখা যাচ্ছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল, যদিও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে সীমাবদ্ধ বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

সারা দেশে এবার ভোট দিচ্ছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন